নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রি ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, বার্ষিক মোট বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। তবে মোট বিক্রি ২ কোটি টাকা থেকে ৪ কোটির মধ্যে হলে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ । আর ৪ কোটি টাকার বেশি হলে টার্নওভার কর হবে ১ শতাংশ।
ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির ওপর কর ন্যূনতম ১ শতাংশ আরোপ করায় ঝামেলায় পড়তে পারেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সুবিধা দিতে সিদ্ধান্ত বদলাতে যাচ্ছে এনবিআর।

