গত ২০২৩-২৪ করবর্ষের আরও ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিট বা নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই রিটার্নগুলো নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। পরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে এনবিআর। এনবিআর জানিয়েছে, গত বছরের জুলাইয়ে ২০২৩-২৪ করবর্ষের জন্য প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি আয়কর রিটার্ন দৈবচয়ন পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচন করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রাক-বাজেট আলোচনা
গতকালকের প্রাক-বাজেট আলোচনায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, পিআরআইসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন তাদের প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনা সভায় তামাকবিরোধী সংগঠন আত্মা সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর এক করে প্রতি ১০ শলাকার দাম ১০০ টাকা, উচ্চ স্তরে ১৫০ এবং প্রিমিয়ামে ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।এনবিআরকে ভেঙে করনীতি ও কর বাস্তবায়ন বিভাগ করার প্রক্রিয়াটি বর্তমানে কোন অবস্থায় আছে, তা বেসরকারি খাতকে জানানোর আহ্বান জানান বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম। তিনি বলেন, এ ব্যাপারে একটি স্পষ্ট এবং সমন্বিত সিদ্ধান্ত আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা যেতে পারে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিআরআই বলেছে, বর্তমানে মোট রাজস্বের ২৮ শতাংশ আসে বাণিজ্যিক শুল্ক থেকে। ২০৩৫ সালের মধ্যে এ নির্ভরতা কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া দুর্নীতি কমাতে রাজস্ব প্রশাসনকে ব্যক্তিনির্ভর থেকে সিস্টেমনির্ভর করার পরামর্শ দিয়েছে পিআরআই।
রাজস্ব ফাঁকি বন্ধে এনআইডি বা টিআইএনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে রাজস্ব বোর্ডের সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে আইসিএবি। সংগঠনটির সদস্য ইয়াসিন মিয়া বলেন, এর মাধ্যমে একজন ব্যক্তির সারাদেশে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট বা এফডিআর রয়েছে, তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।আইসিএমএবির প্রতিনিধি মো. মহিমান বাজেট প্রস্তাবে বলেন, শেয়ারবাজারে ছোট বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নগদ লভ্যাংশের ওপর ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখা যেতে পারে।শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলেছে, কিছু পণ্য বা সেবা করমুক্ত থাকার পরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভ্যাট আদায় করছে। এই ভ্যাট প্রত্যাহার ও শিপিং এজেন্সি কমিশনের ওপর উৎসে কর ৮ এর পরিবর্তে ৬ শতাংশ করার প্রস্তাব দেয় সংগঠনটি।ইনডেনটিং সেবা রপ্তানি খাতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এসএমইর জন্য একটি স্বতন্ত্র করব্যবস্থা প্রবর্তন করার পাশাপাশি বার্ষিক টার্নওভার ও প্রতিষ্ঠানের আকার বিবেচনায় নির্দিষ্ট হারে কর নির্ধারণ এবং নতুন এসএমইদের প্রথম ১০ বছর ন্যূনতম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

