TAXNEWSBD
ডিজিটাল ট্রেড লাইসেন্স পাঁচ বছর মেয়াদি ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর প্রস্তাব
সোমবার, ১০ আগস্ট ২০২৬ ১৭:৫৫ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

ব্যবসার আকার অনুযায়ী সহজ ও একক করহারসহ পাঁচ বছর মেয়াদি সম্পূর্ণ ডিজিটাল ট্রেড লাইসেন্স চালুর সুপারিশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির (পিএসডিপিসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সুপারিশ করেন। একই সঙ্গে তিনি সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী তিন মাস পর পরবর্তী পিএসডিপিসিসি সভা ডাকার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভার মূল আলোচনার বিষয় ছিল চামড়া খাত। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সরকারের শীর্ষ পর্যায়ে কোনো বিষয় উপস্থাপনের আগে প্রয়োজনীয় প্রাথমিক কাজ ও বিশ্লেষণ সম্পন্ন করতে হবে। তিনি বিএসটিআইকে সার্টিফিকেশন-সংক্রান্ত বাধা দূর করার তাগিদ দেন। সৌরশক্তিতে পাকিস্তানের অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে বাজেটে ঘোষিত শুল্কমুক্ত সৌর যন্ত্রাংশ ব্যবহারে বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং রেলওয়েতে বেসরকারি খাতের অংশগ্রহণ পর্যালোচনার পরামর্শ দেন।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম। এতে বিনিয়ন্ত্রীকরণ, ব্যবসা সহজীকরণ এবং বাজেটের আওতায় আটটি গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে তুলে ধরেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা শুরু করার জন্য ১৯টি লাইসেন্স, ১৫৪টি নথিপত্র এবং প্রায় ৪৫৭ দিন পর্যন্ত সময় লাগে, যার সঙ্গে ১০টির বেশি সংস্থায় অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার ঝামেলা জড়িত রয়েছে। এই সমস্যা দূর করতে তিনি আমদানি-রপ্তানির ক্ষেত্রে আইআরসি ও ইআরসি লাইসেন্সের বদলে বিদ্যমান ট্রেড লাইসেন্স কার্যকরী করার প্রস্তাব দেন। তাঁর মতে, এতে সামান্য রাজস্ব ক্ষতি হলেও এসএমই খাত উপকৃত হবে। 

অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, বিল্ডের সুপারিশগুলো পিপিডি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলেও এর বাস্তবায়ন নির্ভর করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর।  বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান জানান, বিল্ডের সুপারিশগুলো আন্তর্জাতিক উত্তম চর্চা এবং ব্যবসার ক্ষেত্রে বাস্তব প্রতিবন্ধকতাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি করা হয়। ভালো সুপারিশগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিতে পাঠানো হলে সংস্কার বাস্তবায়নের গতি ত্বরান্বিত হবে। 

এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, সাভার চামড়া শিল্প নগরের অকার্যকর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পোশাক খাতের তুলনায় চামড়া খাতের ট্রেসেবিলিটি এবং রপ্তানি পারফরম্যান্সকে বাধাগ্রস্ত করছে। 

এমসিসিআইর সভাপতি কামরান টি রহমান জানান, পর্যাপ্ত প্রস্তুতি বা প্রযুক্তি ছাড়াই চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তরিত করা হয়েছিল।  শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান সিইটিপির নকশাগত ত্রুটির কথা স্বীকার করে বলেন, একজন ইতালীয় পরামর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ বিষয়টি পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করছেন। লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সার্টিফিকেশন অর্জনের জন্য পূর্ণ কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি, যদিও এর জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। 

চামড়া শিল্প বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহিমা খানম বলেন, বর্জ্যকে মূলত পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং স্লাজে ভাগ করা যায়। তিনি ঝুঁকিপূর্ণ ক্রোম আলাদাকরণকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন এবং বর্জ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার মডেলগুলো নিয়ে ভাবতে বলেন। 

সেতু বিভাগের সচিব আব্দুর রউফ সিইটিপি রক্ষণাবেক্ষণে কমপ্লায়েন্স এবং কোরবানি চামড়ার সংরক্ষণ অবকাঠামো জোরদার করার পরামর্শ দেন।  এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেন, অগ্রিম আয়কর চূড়ান্ত রিটার্নের মাধ্যমে সমন্বয় বা ফেরত দেওয়া সম্ভব এবং এনবিআর ট্যাক্স রিফান্ড কার্যক্রম অটোমেশনের কাজ করছে। 

আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য নীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট অনুযায়ী তৈরি হচ্ছে এবং বেসরকারি প্ল্যাটফর্মগুলোকে উৎসাহিত করা হচ্ছে। 

রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল ছোট কারখানার জন্য সাধারণ সিইটিপি ব্যবহারের এবং বড় কারখানার নিজস্ব ইটিপি স্থাপনের পরামর্শ দেন। এনএসডিএর সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী চামড়া খাত কাউন্সিলকে শক্তিশালী করার ওপর জোর দেন।  সৌরশক্তি বিষয়ে আলোচনা করতে গিয়ে বিএসটিআইর মহাপরিচালক কাজী এমদাদুল হক জানান, ৩৯টি সৌর পণ্যের মানদণ্ড তৈরি করা হয়েছে।