
অতীতের আয়ের ওপর করহার নির্ধারণ এবং পরের অর্থবছরের জন্য প্রস্তাবিত কিছু করহার বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর করা হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। এমন মন্তব্য করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। যে কোনো কর প্রস্তাব নতুন অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল রোববার ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এমন প্রস্তাব দেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, আয়কর নির্ধারণের ক্ষেত্রে বর্তমান পদ্ধতি মূলত পূর্ববর্তী বছরের আয়ের ওপর ভিত্তি করে হয়। তিনি বলেন, আমি যদি জানতাম, এ বছরের আয়ে কত ট্যাক্স দিতে হবে, আমি সেভাবে বিনিয়োগ করতাম। ব্যবসায়ীরা সেই অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করতে পারতেন।
আলোচনায় বক্তারা একমত হন, এনবিআরের কর্মকর্তাদের আরও পেশাদার এবং ব্যবসায়ীবান্ধব হতে হবে। ড. মজিদ বলেন, লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের বাস্তবতা প্রতিফলিত হতে হবে এবং ওপর থেকে লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।এনবিআরের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন বলেন, অনেক ক্ষেত্রে প্রকৃত কেনা দাম গ্রহণ না করে অযৌক্তিকভাবে বেশি মূল্য ধরে কর আদায় করা হয়। মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে এনবিআরের সুস্পষ্ট নীতিমালা থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা তা মানতে চান না। যার ফলে ব্যবসায়ীদের উচ্চ হারে শুল্ক দিতে হয় অথবা ব্যাংক গ্যারান্টি দিয়ে মাল খালাস করতে হয়।আগে একজন অ্যাসিস্ট্যান্ট কালেক্টর যে সিদ্ধান্ত নিতে পারতেন, এখন তা এনবিআরের কমিটির হাতে চলে গেছে। এই প্রশাসনিক কেন্দ্রীকরণ ব্যবসার লিড টাইম বা সময় বাড়িয়ে দিচ্ছে।