TAXNEWSBD
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৬:৩৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আজ মঙ্গলবারই শেষ হচ্ছে ব্যক্তি পর্যায়ে অনলাইনে আয়কর রিটার্ন জমার সময়। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা বাধ্যতামূলক। তবে নানা প্রেক্ষাপট বিবেচনায় এনবিআর এ সময়সীমা বাড়িয়ে থাকে। এই অর্থবছরে কয়েক দফায় বাড়িয়ে সর্বশেষ ৩১ মার্চ সময় বেঁধে দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।জরিমানা ও অতিরিক্ত কর প্রদান এড়াতে সব করদাতাকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল অথবা তার আগে ব্যক্তিগতভাবে সময় বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করার বিশেষ অনুরোধ জানিয়েছিল এনবিআর। গত রোববার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন, যাদের ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন দাখিল করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা বিশেষ কারণে মঙ্গলবারের মধ্যে রিটার্ন দিতে পারবেন না, তাদের জন্য অনলাইন সিস্টেমে সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ৩১ মার্চের আগেই আবেদন করতে বলা হয়। সংশ্লিষ্ট কর কমিশনার করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন। আবেদন অনুমোদিত হলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমার ক্ষেত্রে জরিমানা বা বিলম্ব মাশুল দিতে হবে না।অনলাইনে আবেদনের জন্য করদাতাকে অবশ্যই নিজের নামে বায়োমেট্রিক নিবন্ধিত সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইন অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে আবেদনের সুযোগ পাবেন।