TAXNEWSBD
রিটার্ন দিয়ে ২ লাখ ২১ হাজার করদাতা প্রণোদনা পেয়েছেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৫:৫৯ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

করদাতাদের আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে চলতি অর্থবছর থেকে প্রণোদনা ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া মিলছে। ২০২৬-২৭ করবর্ষের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে ই-রিটার্ন দাখিল করে কর প্রণোদনা সুবিধা পেয়েছেন দুই লাখ ২১ হাজার ৫১৮ জন করদাতা। প্রণোদনা হিসেবে তাদের ৫২ কোটি ৯২ লাখ টাকার কর প্রণোদনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।এনবিআর কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে করদাতাদের স্বেচ্ছায় কর পরিশোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করার সুযোগ তৈরি হয়েছে।চলতি করবর্ষে প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করে প্রণোদনা পাওয়ার সুযোগ দিতে ২২ জুলাই ই-রিটার্ন সেবা শুরু করে এনবিআর। প্রণোদনা পাওয়া করদাতার মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৯৩৬ জনের আগের করবর্ষের ই-রিটার্ন জমার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ দশমিক ছয় শতাংশ আগের বছর জুলাই-সেপ্টেম্বর সময়ে রিটার্ন দাখিল করেছিলেন। বাকি ৮৭ দশমিক চার শতাংশ করদাতা আগের বছরের সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করেছিলেন।

জুলাই-সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল করে প্রণোদনা নেওয়ার এই চিত্র সময়মতো রিটার্ন দাখিলে করদাতাকে উৎসাহ করছে বলে মনে করে এনবিআর। প্রণোদনা সুবিধাভোগীর ৮৭ দশমিক ৬ শতাংশ অর্থাৎ এক লাখ ৯৪ হাজার ১০২ জন করদাতা পাঁচ হাজার টাকা বা তার কম প্রণোদনা পেয়েছেন। তাদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার পরিমাণ ১৮ কোটি ১৯ লাখ টাকা, যা মোট প্রণোদনার ৩৪ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০ হাজার টাকার বেশি প্রণোদনা পেয়েছেন দুই দশমিক ছয় শতাংশ করদাতা। এর মানে, প্রণোদনা কর্মসূচিতে তুলনামূলক ছোট অঙ্কের সুবিধাভোগী করদাতার অংশগ্রহণই সবচেয়ে বেশি।আয়কর আইন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের পাঁচ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা এ দুইয়ের মধ্যে যেটি কম সেটিই প্রণোদনা পাবেন করদাতা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দিলে প্রণোদনা পাওয়া যাবে না। তবে করদাতাকে জরিমানাও দিতে হবে না। বিলম্বে বা তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রিটার্ন দিলে করদাতাকে জরিমানা দিতে হবে। এ সময় রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের দুই শতাংশ বা তিন হাজার টাকা এ দুইয়ের মধ্যে যা বেশি তাই দিতে হবে জরিমানা হিসেবে। আর শেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের পাঁচ শতাংশ বা পাঁচ হাজার টাকার মধ্যে যা বেশি, তাই অতিরিক্ত কর দিতে হবে।