TAXNEWSBD
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪ লাখ কোটি টাকা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২১:৩০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। অন্যদিকে, আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে International Debt Conference Bangladesh 2026 উপলক্ষে দেয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। 

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।